বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩ হামলা-হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এনডিবির সংবাদ সম্মেলন, জড়িতদের শাস্তির দাবি নারায়ণগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে জেলা প্রশাসক: সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের দিকনির্দেশনা হাজীগঞ্জে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগে ‘জুলাই যোদ্ধা সংসদ’-এর তীব্র প্রতিবাদ ​'সবকিছুর আগে বাংলাদেশ, মতভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে': রাজীব ​'উন্নয়ন কারো ব্যক্তিগত বিষয় নয়, জনগণের অধিকার': এমপি মান্নান সরকারি কর্মকর্তাদের দায়িত্বে অবহেলায় মামুন মাহমুদের ক্ষোভ: 'নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে' ফতুল্লায় ১৫১০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
মহানগর

হামলা-হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এনডিবির সংবাদ সম্মেলন, জড়িতদের শাস্তির দাবি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২২ জুলাই ২০২৬ ৫:৩০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
হামলা-হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এনডিবির সংবাদ সম্মেলন, জড়িতদের শাস্তির দাবি
📷 হামলা-হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এনডিবির সংবাদ সম্মেলন, জড়িতদের শাস্তির দাবি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নতুনধারা বাংলাদেশ (এনডিবি)-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের ওপর হামলা, প্রাণনাশের হুমকি এবং দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনা ও নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের তীব্র দাবি জানিয়েছে দলটি।

​বুধবার (২২ জুলাই) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনডিবির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা এসব দাবি ও অভিযোগ তুলে ধরেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, গত ৫ আগস্টের পর থেকে নারায়ণগঞ্জে দলটির নেতাকর্মীরা ধারাবাহিক হামলা ও হুমকির শিকার হচ্ছেন। মূলত মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই স্থানীয় নেতাদের টার্গেট করে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

​ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, ফতুল্লার এক স্থানীয় নেতা ও তার সহযোগীদের অতর্কিত হামলায় এনডিবির কেন্দ্রীয় সদস্য জামান সরকার গুরুতর আহত হন। এ বিষয়ে গত ১৮ জুলাই ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলেও নিরাপত্তাজনিত কারণে সে সময় হামলাকারীদের নাম উল্লেখ করা সম্ভব হয়নি। তবে অভিযোগ দায়েরের পরও সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা এসআই মোয়াজ্জেম হোসেন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেননি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

​মোমিন মেহেদী আরও জানান, শুধু নারায়ণগঞ্জেই নয়, সারাদেশে এনডিবির ১১৪টি উপজেলা ও ৪৪টি জেলা শাখার নেতাকর্মীরা এখন চরম নিরাপত্তাহীনতা ও হুমকির মুখে রয়েছেন। এমনকি তার নিজ কার্যালয়ে হামলা চালিয়ে তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

​সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা বলেন, “মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায় গত ১৮ জুলাই সকালে একদল ব্যক্তি আমার চেম্বারে গিয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার আলটিমেটাম দেয়। অন্যথায় আমাকে মারধর ও চেম্বার ভাঙচুরের হুমকি দেওয়া হয়। এখন আমার স্বামী ও সন্তানকেও নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।”

​এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা বলেন, “নারায়ণগঞ্জের যুগ্ম আহ্বায়ক জামান সরকারের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি কোনো গণতান্ত্রিক ও সভ্য দেশে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি আরও জানান, দলটির অপর যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়ার হুমকিও দিচ্ছে প্রভাবশালী চক্রটি।

​সংবাদ সম্মেলন থেকে অনতিবিলম্বে হামলাকারী ও হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এনডিবির সর্বস্তরের নেতাকর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ আহ্বান জানানো হয়।

​সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনডিবির প্রেসিডিয়াম সদস্য সাজী মনসুর, আফতাব মণ্ডল, হাশেম মোল্লা এবং মানবাধিকার বাংলাদেশের সাধারণ সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন