শনিবার, ২১ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
লক্ষ্যা পাড়ের কবির নীরব আক্ষেপ: সাহিত্যে অসামান্য অবদান রেখেও মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি ফতুল্লায় লেগুনায় আগুন: শ্রমিকলীগ নেতা ও চেয়ারম্যানসহ ৩৭ জনের বিরুদ্ধে নামে মামলা ২৪নং ওয়ার্ডে টিসিবি পণ্য নিতে গিয়ে বৃষ্টিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রূপগঞ্জে যুবলীগ নেতা জসিম গ্রেপ্তার: অভিযোগ নাশকতা ও অগ্নিসংযোগ ফতুল্লায় ডাইং এর বয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ, মালিক আটক বন্দরের সেই কুমির উদ্ধার, নেওয়া হচ্ছে সাফারি পার্কে আগুনের খবরে জরুরি কল ১০২ নম্বরে জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদ ও গণরায় মেনে নেওয়া উচিত: মাওঃ আবদুল জব্বারের আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর সহানুভূতি চলবে না: সাখাওয়াত
সংগঠন

লক্ষ্যা পাড়ের কবির নীরব আক্ষেপ: সাহিত্যে অসামান্য অবদান রেখেও মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৯:৩৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৪ মিনিট
শেয়ার করুন
লক্ষ্যা পাড়ের কবির নীরব আক্ষেপ: সাহিত্যে অসামান্য অবদান রেখেও মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি
📷 লক্ষ্যা পাড়ের কবির নীরব আক্ষেপ: সাহিত্যে অসামান্য অবদান রেখেও মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

সাহিত্যচর্চা ও সৃষ্টিশীলতায় দীর্ঘদিন অবদান রাখলেও জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য কোনো পুরস্কার পায়নি কবি মুজিবুল হক কবীর। জাতীয় পুরস্কার প্রদানের ক্ষেত্রে যোগ্যতার পরিবর্তে অর্থ, তদবির, ক্ষমতার প্রভাব ও তোষামোদকে প্রাধান্য দেওয়ার অভিযোগ তুলেছেন সাহিত্যিক ও কবিরা। তাঁদের মতে, এ কারণে অনেক গুণী সাহিত্যিক রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ষষ্ঠ তলায় নারায়ণগঞ্জ কবিতা পরিষদ আয়োজিত ‘লক্ষ্যা পারের কবি মুজিবুল হক কবীর’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, ঢাকাকেন্দ্রিক সাহিত্যচর্চার বাইরে নারায়ণগঞ্জে অবস্থান করেই মুজিবুল হক কবীর জাতীয় পর্যায়ে নিজের অবস্থান তৈরি করেছেন। তাঁর কবিতা ও ছন্দবিষয়ক লেখা ইংরেজি, উর্দু ও গুজরাটি ভাষায় অনূদিত হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাঁর লেখা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে। গবেষণা ও তথ্যসূত্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে তাঁর বই। বিশেষ করে ছন্দবিষয়ক গ্রন্থ ‘ছন্দের ঘরবাড়ি’ বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি কাজ বলে উল্লেখ করেন বক্তারা।

নারায়ণগঞ্জ কবিতা পরিষদের সভাপতি  আবদুস সালাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ছড়াকার ড. রুমন রেজা, অনুবাদক সাইদুর রহমান, কবি করিম রেজা, পুলক হাসান, কাজল কানন, অভিজিৎ রায়, দীপক ভৌমিক, মোহাম্মদ সেলিম, আহমেদ বাবলু, জহিরুল ইসলাম মিন্টু, মিলন মাহমুদ, চান মিয়া চান্দু, আনিসুর রহমান হিরা, মোখলেসুর রহমান তোতা,  মাহমুদ কাওসার, জয়নাল আবেদীন জয়, মাসুদ রানা লাল, চঞ্চল মেহমুদ কাশেম, লুৎফর রহমান মিয়া ভাই ও মাসুদ রানা সবুজসহ অনেকে।

আলোচনায় ড. রুমন রেজা বলেন, মুজিবুল হক কবীর সাহিত্যচর্চাকে সাধনার পর্যায়ে নিয়ে গেছেন। বাংলা সাহিত্যে তাঁর সৃষ্টিকর্ম উপেক্ষা করার সুযোগ নেই। কবি শামসুর রাহমান সাম্প্রতিক সময়ের পাঁচজন বিশিষ্ট কবির মধ্যে মুজিবুল হক কবীরের নাম উল্লেখ করেছিলেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাঁর ছন্দবিষয়ক বই ও কবিতা পড়ানো হয়, যা তাঁর সাহিত্যিক অবস্থানের প্রমাণ।

কবি করিম রেজা বলেন, মুজিবুল হক কবীরের সৃষ্ট রমাকান্ত কামার চরিত্রটি নিয়ে তিনি ধারাবাহিক কবিতা লিখেছেন। পরবর্তী সময়ে আরও অনেক কবির লেখায় চরিত্রটি স্থান পেয়েছে। এটি তাঁর সৃষ্টিশীলতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

অনুবাদক সাইদুর রহমান বলেন, ১৯৮৭ সালে প্রকাশিত ‘পয়েম অব ফাইভ ইয়াং পয়েট অব বাংলাদেশ’ গ্রন্থে স্থান পাওয়া পাঁচ তরুণ কবির একজন ছিলেন মুজিবুল হক কবীর। সাহিত্যিক যোগ্যতা ও অবদান থাকা সত্ত্বেও তিনি জাতীয় পুরস্কার পাননি। প্রচলিত অসৎ পন্থায় পুরস্কার পাওয়ার চেষ্টা না করাও এর একটি কারণ বলে মন্তব্য করেন তিনি।

কবি অভিজিৎ রায় বলেন, সাহিত্যিক মান্নান সৈয়দ তাঁর বিভিন্ন লেখায় মুজিবুল হক কবীরের কথা উল্লেখ করেছেন। এমনকি কবীর তাঁকে অতিক্রম করেছেন বলেও মান্নান সৈয়দ নিজেই স্বীকার করেছেন।

আলোচনা শেষে অসুস্থ কবি মুজিবুল হক কবীর নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, সাহিত্যিকদের বাছাই করে বই পড়া উচিত। তা না হলে জীবনের মূল্যবান সময় অপচয় হয়। জীবনের এই পর্যায়ে এসে তাঁর মনে হয়েছে, আরও বেশি নির্বাচিত বই পড়া প্রয়োজন ছিল। প্রত্যেকের আগ্রহের বিষয় নির্ধারণ করে সে বিষয়ে বেশি বেশি বই পড়ার পরামর্শ দেন তিনি।

দেশের সাহিত্য অঙ্গনকে সমৃদ্ধ করতে সরকারি পৃষ্ঠপোষকতার কোনো বিকল্প নেই উল্লেখ করে মুজিবুল হক কবীর বলেন, "আমাদের পাশের রাজ্য পশ্চিমবঙ্গে নতুন বই প্রকাশের সাথে সাথেই সরকার লেখকের ৫০০ কপি বই ক্রয় করে নেয়। এটি লেখকদের জন্য বড় এক অনুপ্রেরণা। আমাদের দেশেও সাহিত্যচর্চার বিকাশ ঘটাতে এবং লেখকদের বাঁচিয়ে রাখতে সরকারের এ ধরনের উদ্যোগ গ্রহণ করা একান্ত প্রয়োজন।"
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন