বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ফতুল্লায় ঝোপের ভেতর উদ্ধার বিদেশি এয়ার রাইফেল বন্দরে হাসপাতালে নারী রোগীর চেইন ছিনতাইকালে নারী গ্রেপ্তার চাষাঢ়ায় শিশু কল্যাণ স্কুলে দুপুরের খাবার বিতরণ হাসপাতালে ভর্তি এমপি মান্নান, সবার কাছে দোয়া কামনা বিবি মরিয়ম স্কুলে জরায়ুমুখ ক্যানসারের টিকা প্রদান ও ডেঙ্গু সচেতনতা সভা আড়াইহাজারে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; স্বামী-শ্বশুর-শাশুড়ি আটক জরায়ুমুখের ক্যানসারের টিকা ও ডেঙ্গু সচেতনতায় বিবি মরিয়ম স্কুলে কর্মসূচি নারায়ণগঞ্জ ক্লাবে ৪ তারকা মানের আধুনিক গেস্ট হাউজের শুভ উদ্বোধন বিদ্যুৎ সাশ্রয় ও কার্যকর ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জে জেলা কমিটির সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিদ্যুৎ মিস্ত্রিকে প্রাণনাশের হুমকি, যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ
নগরের বাইরে

আড়াইহাজারে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; স্বামী-শ্বশুর-শাশুড়ি আটক

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ৬:১৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
আড়াইহাজারে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; স্বামী-শ্বশুর-শাশুড়ি আটক
📷 আড়াইহাজারে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; স্বামী-শ্বশুর-শাশুড়ি আটক। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে ঐশী পোদ্দার (১৯) নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার পর লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

​অন্য ঘটনায় পারিবারিক কলহের জেরে ঝর্ণা (৩০) নামে আরেক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি পশ্চিমপাড়া এবং সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় পৃথক এসব ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ বুধবার সকালে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

​নিহত ঐশী পোদ্দার গোপালদী পৌরসভার উলুকান্দি এলাকার শান্ত কুমার রায়ের স্ত্রী এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার শাহাপাড়া এলাকার শংকর পোদ্দারের মেয়ে।

​ঐশীর বাবা শংকর পোদ্দার অভিযোগ করে জানান, প্রায় তিন মাস আগে ১২ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার দিয়ে শান্তর সঙ্গে তার মেয়ের বিয়ে দেওয়া হয়। তবে বিয়ের পর থেকেই অতিরিক্ত যৌতুকের দাবিতে শান্ত এবং তার বাবা শিবু চন্দ্র রায় ও মা লক্ষ্মী রানী রায় ঐশীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।

​তিনি আরও জানান, মেয়ের সুখের কথা ভেবে প্রায় দেড় মাস আগে আরও দুই লাখ টাকা যৌতুক দেন তারা। কিন্তু নির্যাতন বন্ধ হয়নি। মঙ্গলবার রাতে শ্বশুড়বাড়ির লোকজন ঐশীকে শ্বাসরোধ ও দেয়ালে মাথা আঘাত করে হত্যা করেন এবং পরবর্তীতে আলামত ঢাকার জন্য লাশ ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন বলে নিহতের বাবার দাবি।

​এদিকে, একই রাতে আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ঝর্ণা (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল আলীর মেয়ে ও নাদিমের স্ত্রী। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

​আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, পৃথক দুই ঘটনায় দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঐশীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে। এ বিষয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া অপর ঘটনার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন আসার অপেক্ষা করা হচ্ছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন