publicsuffering
মানববন্ধনের পর বন্দর উপজেলা জামায়াতে ইসলামীর স্মারকলিপি প্রদান—রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষের ১৫ দিনের মধ্যে মেরামত শুরু এবং নভেম্বর ডিসেম্বরের মধ্যে পূর্ণ সংস্কারে প্রতিশ্রুতি।
বন্দরের সড়ক সংস্কারে আশ্বাস
মানববন্ধনের পর বন্দর উপজেলা জামায়াতে ইসলামীর স্মারকলিপি প্রদান—রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষের ১৫ দিনের মধ্যে মেরামত শুরু এবং নভেম্বর ডিসেম্বরের মধ্যে পূর্ণ সংস্কারে প্রতিশ্রুতি।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত মদনপুর–মদনগঞ্জ সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বন্দর উপজেলার নেতৃবৃন্দ। অল্প সময়ের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে ভাঙাচোরা ও গর্তের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি, যানজট ও দুর্ভোগে সাধারণ মানুষ চরম অসন্তোষ প্রকাশ করছেন।
এই পরিস্থিতির প্রতিবাদে বন্দর উপজেলা জামায়াতে ইসলামী উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাঈনুদ্দিন আহমেদ। তিনি বলেন—
“জনগণের করের টাকায় কোটি কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও অল্প সময়ে ভেঙে পড়া উন্নয়নের নামে প্রতারণা ছাড়া কিছু নয়। ৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তা ৫৪ দিন টিকে না। অবিলম্বে সড়ক সংস্কার না হলে জনগণ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”
মানববন্ধন শেষে বন্দর উপজেলা জামায়াতে ইসলামী একটি স্মারকলিপি রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগের নির্বাহী আব্দুর রহিমের হাতে তুলে দেন। স্মারকলিপিতে দ্রুত সড়ক সংস্কার, মানসম্মত উন্নয়ন কাজ নিশ্চিত করা এবং জনগণের দুর্ভোগ নিরসনের দাবি জানানো হয়।
স্মারকলিপি গ্রহণ করে রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জামায়াতে ইসলামীর বন্দর উপজেলার নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন,
“সড়কের বেহাল অবস্থা আমরা গুরুত্বসহকারে নিয়েছি। ২৫, দিনের মধ্যে মেরামত কাজের শুরু হবে এবং পূর্ণ সংস্কার কাজ শুরু করা হবে আগামী নভেম্বর- ডিসেম্বরে । এবং আরো বলেন মান নিশ্চিত করেই তা সম্পন্ন করার চেষ্টা থাকবে।”
অন্যদিকে স্থানীয় নেতারা বলেছেন, সংস্কারের কাজ দ্রুত শুরু হলে জনগণ কিছুটা স্বস্তি পাবে। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নে বিলম্ব হলে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা—এই প্রতিশ্রুতি যেন কাগজে-কলমেই সীমাবদ্ধ না থেকে বাস্তবায়িত হয়। কারণ প্রতিদিনের ভোগান্তি অসহনীয় হয়ে উঠছে।
সবার দাবি—অচিরেই সংস্কার করে নিরাপদ সড়ক নিশ্চিত করা হোক।