শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সোনারগাঁয়ে বাসে 'হাফ ভাড়া'র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, রোববারের আলটিমেটাম কিশোরীদের স্বাস্থ্যসচেতনতায় সদরে সেমিনার ও স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনে ওয়ালটনের সঙ্গে সদর উপজেলা প্রশাসনের চুক্তি অসদাচরণ, দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি ও শৃঙ্খলা ভঙ্গ: নারায়ণগঞ্জ বিএনপির দুই নেতা শোকজ ২৪ ঘণ্টার মধ্যে বক্তাবলীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি রিয়াদ চৌধুরীর নারায়ণগঞ্জ ক্লাবে 'কনভেনার ও কো-কনভেনার কাপ টেনিস টুর্নামেন্ট' অনুষ্ঠিত, সাবেক কনভেনারদের সম্মাননা রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, মিষ্টির দোকানকে জরিমানা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৮ ও শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা নির্ধারণ সিদ্ধিরগঞ্জের চিটাগং রোডে ৩ ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা ফতুল্লায় বিপুল পরিমাণ গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজনীতি

অসদাচরণ, দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি ও শৃঙ্খলা ভঙ্গ: নারায়ণগঞ্জ বিএনপির দুই নেতা শোকজ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ২:০৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
অসদাচরণ, দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি ও শৃঙ্খলা ভঙ্গ: নারায়ণগঞ্জ বিএনপির দুই নেতা শোকজ
📷 অসদাচরণ, দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি ও শৃঙ্খলা ভঙ্গ: নারায়ণগঞ্জ বিএনপির দুই নেতা শোকজ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে অসদাচরণ, দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু স্বাক্ষরিত পৃথক নোটিশে তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

শোকজ পাওয়া নেতারা হলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান এবং মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাত।

নোটিশে বলা হয়, গত ৬ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের কক্ষে যান মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন বিএনপি নেতা তাঁর সঙ্গে অশোভন আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, সাখাওয়াত হোসেন খানকে উদ্দেশ করে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়। বিষয়টি জানতে চাইলে অভিযুক্তরা তাঁর প্রতি মারমুখী আচরণ করেন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এদিকে ঘটনার দিন একটি অনলাইন গণমাধ্যমে অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান দাবি করেন, সাখাওয়াত হোসেন খানকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয়েছিল এবং পরে তিনি ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যান। মহানগর বিএনপির পক্ষ থেকে তাঁর এ বক্তব্যকে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর মহানগর বিএনপির সদস্যসচিব অভিযুক্তদের সাখাওয়াত হোসেন খানের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে তাঁরা সেই আহ্বানে সাড়া দেননি।

এ ছাড়া দীর্ঘদিন দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকা, কেন্দ্রীয় নির্দেশনা না মানা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও আনা হয়েছে দুই নেতার বিরুদ্ধে।

নোটিশে আরও বলা হয়, গত ২৫ আগস্ট নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অ্যাডভোকেট সুমন মিয়াকে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দেওয়ার পর তাঁর দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তাঁর সরকারি চেম্বার প্রায় দেড় মাস তালাবদ্ধ রাখা এবং তাঁকে ভয়ভীতি দেখানো ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও নোটিশে উল্লেখ করা হয়েছে।

মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, অভিযুক্তদের এমন কর্মকাণ্ড দলের সাংগঠনিক শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

শোকজ নোটিশে নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন