শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিক্ষা

নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
📷 নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস



ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সদর উপজেলা পরিষদের সংলগ্ন কমর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে এই পরীক্ষা সম্পন্ন হয়।
এবারের মেধাবৃত্তি পরীক্ষায় সদর উপজেলার প্রায় ৩০টি কিন্ডারগার্টেন স্কুলের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল থেকেই অভিভাবকদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন শেষে অ্যাসোসিয়েশনের সভাপতি তোফায়েল আহমেদ জুয়েল বলেন, “অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোমলমতি বাচ্চারা তাদের মেধার ভিত্তিতে মূল্যায়িত হয়ে বৃত্তি পাবে এবং আগামী দিনের প্রতিযোগিতামূলক ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করবে—এটাই আমাদের মূল লক্ষ্য।”
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাউসার আহমেদ জানান, ২০১৩ সাল থেকে নিয়মিতভাবে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে সংগঠনটি। তিনি বলেন, “এবার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ৪টি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। ক্যাটাগরিগুলো হলো—ট্যালেন্টপুল, প্রথম গ্রেড, দ্বিতীয় গ্রেড এবং সাধারণ গ্রেড। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রতি আরও বেশি আগ্রহ ও উৎসাহ তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি।”
পরীক্ষা কেন্দ্র সচিব মোহাম্মদ বাহাউদ্দিন জানান, অত্যন্ত স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা নেওয়া হচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে কেন্দ্রে ৫ জন হল সুপার দায়িত্ব পালন করছেন।
এদিকে, সন্তানের পরীক্ষার জন্য কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিশুদের পড়ালেখার প্রতি মনোযোগী করে তোলে এবং তাদের মাঝে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে দেয়, যা অদূর ভবিষ্যতে তাদের জন্য ভালো কিছু বয়ে আনবে।
পরীক্ষা পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মাজহারুল ইসলাম সজীব, মো. আজমত আলী, মো. মুরাদ, হারুনুর রশিদ হিরো, নাঈমা ইসলাম, ইকবাল হোসেন, ইব্রাহিম খলিল ও মো. রাসেলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন