সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
জাতীয়

মার্কেট-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৯:০১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
মার্কেট-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
📷 মার্কেট-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ করা হয়েছে। সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। পাশাপাশি মার্কেটে সৌরবিদ্যুৎ প্য

মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ করা হয়েছে। সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। পাশাপাশি মার্কেটে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেবে সরকার।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তগুলোর কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব মার্কেট সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে আগ্রহী, তাদের পাঁচ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেওয়া হবে। প্যানেলের মান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। নিম্নমানের প্যানেল সরবরাহ বা স্থাপন করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার দাবিও জানিয়েছে সমিতি।

বৈঠকে সারা দেশে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি তুলে ধরেন দোকান মালিক সমিতির নেতারা। তাঁদের দাবি, প্রতিদিন তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। সমিতির হিসাব অনুযায়ী, একজন গ্রাহক বছরে গড়ে ১ হাজার ৯৫ বার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন। এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

প্রিপেইড মিটার নিয়েও বৈঠকে আলোচনা হয়। সমিতির অভিযোগ, দুই হাজার টাকা রিচার্জ করলেও মিটারে তুলনামূলক কম অর্থ প্রদর্শিত হয়। পিক আওয়ার, অফ-পিক আওয়ার, ডিমান্ড চার্জ ও ভ্যাটসহ বিভিন্ন খাতে টাকা কেটে নেওয়া হয়। মিটার ভাড়া বাতিলের সিদ্ধান্ত থাকলেও এ-সংক্রান্ত পরিপত্র না থাকায় এখনো টাকা কাটা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

এ অবস্থায় গ্রাহক যত টাকা রিচার্জ করবেন, মিটারে যেন সেই পরিমাণ অর্থই প্রদর্শিত হয়—এমন প্রস্তাব দেয় সমিতি। অন্যান্য চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয়ের প্রস্তাবেও মন্ত্রী সম্মতি দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। ফলে রিচার্জ করা সম্পূর্ণ অর্থ মিটারে প্রদর্শিত হবে বলে জানানো হয়েছে।

এ ছাড়া বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের সার্ভিস লাইনের তার চুরির কারণে গ্রাহকদের আর্থিক ক্ষতির বিষয়টিও বৈঠকে তুলে ধরা হয়। এ ধরনের চুরি বন্ধে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানালে মন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন